আমাদেরবাংলাদেশ ডেস্ক: চারদিনের টানা মৃদু শৈত্যপ্রবাহের পর আজ (সোমবার) সকালেই রাজধানীতে উঁকি দিয়েছে সূর্য। ফলে কমেছে কুয়াশার পরিমান, বাড়ছে তাপমাত্রাও। একই সাথে দেশের বিভিন্ন জেলায় শীতের প্রভাব কমতে শুরু করেছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রোববার সামান্য বেড়েছিল। পূর্বাভাস ছিল সোমবারও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।
সোমবার সকাল পর্যন্ত সারাদেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিতাকুন্ডে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে। এরই মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সেই সাথে বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে শীত।
আমাদেরবাংলাদেশ.কম/জসীম