নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম বলেন , নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম মনে হলেও ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে যাবে বিএনপি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির সাথে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা জানান তিনি।
মির্জা ফকরুল আরও বলেন, এ সময় ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও আপত্তি তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমরা পরিষ্কার করে বলেছি, এই বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না এবং জনগণের যে রায় সেটা প্রতিফলিত হয় না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে আরেকটু সমস্যা হয়েছে ইভিএম, তারা বলেছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে, যেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। বলেছি যে, আমরা মনে করি যে, এটা সঠিক হবে না। এ কারণে আমরা মনে করি, ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে না। সেই কারণে আমরা মনে করি, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।’
এসময় তিনি খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের বড়দিনের শুভেচ্ছা জানান ও নতুন বছরের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।