আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সড়কে মৃত্যু কমছেই না।২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২২৭ জন, আর আহত হয়েছেন প্রায় সাত হাজার মানুষ। জাতীয় প্রেসক্লাবে “নিরাপদ সড়ক চাই” আন্দোলন (নিসচা) এর সংবাদ সম্মেলনে ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরা হয়।
আজ শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের সড়ক দুর্ঘটনার বছরভিত্তিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে দুর্ঘটনা ও হতাহত কমাতে সড়ক পরিবহন আইন ঠিকমত বাস্তবায়ন ও চালক-পথচারী সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা সবথেকে বেশি ঘটেছে বড় বড় শহর ও মহাসড়কে। আর বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলায়। ২১১টি দুর্ঘটনায় মারা গেছে ৪৮৮ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ঝালকাঠি জেলায়। এছাড়া সড়ক দুর্ঘটনায় ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭৮৮ জন।
সংবাদ সম্মেলনে সড়কে দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক চাই আন্দোলন এর পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা এবং শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা।