আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর কুর্মিটোলা এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়’র (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। রোববার রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এরপর রাত থেকেই দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উচ্চশিক্ষালয়টির প্রাঙ্গন। বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
ধর্ষণের খবর ক্যাম্পাসে পৌঁছাতে রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢামেক প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল শুরু করেন। ছাত্রলীগ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিলে অংশগ্রহণ করেন।
এছাড়া শিক্ষার্থীরা ফেইসবুকে ইভেন্ট খুলে আজ বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পৃথক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদলও। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের ডাক দিয়েছেন শামসুন্নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি।
এরআগে রাত ৩টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
অপরদিকে রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় মিছিলটি। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন, সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী শেওড়াপাড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঢাবির বাসে ওঠেন। সন্ধ্যা ৭ টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরলে অজ্ঞান হয়ে যান তিনি। পরে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। এরপর ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় গিয়ে বিষয়টি তাদের জানান। পরে তার সহপাঠীরা রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান।