
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এটি অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন আবাসিক হল ও বিভিন্ন বিভাগ শ্রদ্ধা নিবেদন করেন।
একইসাথে জাতীয় প্যারেড স্কয়ার থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে অংশ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনার উদ্বোধন করার সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ক্ষণগণনা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা স্বাধীনতা সংগ্রাম। এটি সঞ্চারিত করতে এই মুজিববর্ষ একটি মাহিন্দ্রক্ষন হিসেবে উপস্থিত হয়েছে। এরকম মাহিন্দ্রক্ষনের আমরা সাক্ষী হতে পেরে আমরা ধন্য। একইসাথে মুজিববর্ষ উপলক্ষে সকলকে বঙ্গবন্ধু ও দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন।
আ/রিফাত