লালমনিরহাট সংবাদদাতা।। একাধিক শৈত্য প্রবাহও কাহিল করতে পারেনি কৃষক সোলায়মান ও মন্টু মিয়ার বীজতলা। এরা দুজন এবছর ২ একর জমিতে গড়ে তুলেছেন আদর্শ বীজতলা। আর এ আদর্শ বীজতলা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কৃষকরা। এ কারনে নামকরণ করা হয়েছে আদর্শ বীজতলা।
আদর্শ বীজতলাটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে ঘাগড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত।
রবিবার (১২ জানুয়ারী) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ডঃ আব্দুল মুঈদ পরিদর্শন করেন আদর্শ বীজতলা। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী,লালমনিরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিধুভূষণ রায়,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান।
উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় পলাশী ইউনিয়নের ঘাগড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ২ একর জমিতে কৃষক সোলায়মান ও মন্টু মিয়া আদর্শ বীজতলা গড়ে তুলেছেন। এসময় কৃষক সোলায়মান ও মন্টু মিয়া আদর্শ বীজতলার উপকারীতা, শৈত্যপ্রবাহে বোরো বীজতলায় করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান জানান, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারনে অনেক কৃষকের বীজতলা নষ্ট হলেও সোলায়মান ও মন্টু মিয়ার বীজতলার কোন ক্ষতি হয়নি। তিনি আরো জানান, উপজেলা কৃষি বিভাগের সার্বক্ষণিক তদারকি ও পরামর্শের কারণে আদর্শ বীজতলা গড়ে তোলা সম্ভব হয়েছে।
আ/রিফাত