বঙ্গবন্ধু বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন- অধ্যাপক আবুল বারকাত
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
-
১৩৯
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। বঙ্গবন্ধু বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। শনিবার (১৮ জানুয়ারী) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল। আমরা বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার কথা ভাবছি। আমরা ক্ষণগননা করছি। ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পুর্তি করবো। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের শক্তিশালী প্রথম সারির ২০টি দেশের মধ্যে একটি দেশ হবে। বাংলাদেশ এখন অনেক সমৃদ্ধশালী একটি দেশ। বাংলাদেশ প্রমাণ করেছে এটি এখন ভিক্ষুকের দেশ নাই। চতুর্থ শিল্প বিপ্লবকে তড়ান্বিত করতে হবে। আমরা চাইনা বাংলাদেশ আমেরিকা হোক। বাংলাদেশ বাংলাদেশের মত করে সমৃদ্ধ হোক।’
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ইবির অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল মুঈদের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়াও সেমিনারের আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. আবু রায়হান, ড. কাজী মোস্তফা আরিফ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও এ অঞ্চলের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আবুল বারকাত ১৯৫৪ সালের ২৭ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media