
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেফারিকে ধাওয়া দিয়ে খেলোয়াড়রা মারধর করেছে বলে জানা গেছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্ব শুরু হয়। খেলায় ইংরেজি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুখোমুখি হয়।
খেলার এক পর্যায়ে ইতিহাস বিভাগ পেনাল্টির সুযোগ পায়। রেফারির এ সিদ্ধান্তে তাৎক্ষণিক মাঠে জটলা সৃষ্টি হয়। এসময় ইংরেজি বিভাগের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে চলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়।
এরপর খেলায় ওই রেফারিকে পরিবর্তন করা হয়। পরে রেফারি রবিউল ইসলাম ক্যাম্পাস ত্যাগ করার সময় ইংরেজি বিভাগের খেলোয়াড়রা তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে প্রধান ফটক এলাকায় তাকে বেধড়ক মারধর করেন তারা।
এসময় ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মিজান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুভ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিশাতসহ বেশ কয়েকজন রেফারির ওপর চড়াও হয়। পরে রেফারিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে নিয়ে যায় শিক্ষার্থীরা।
এদিকে রেফারিকে মারধরের কারণে ইতিহাস বিভাগের খেলোয়াড়রা ইংরেজি বিভাগের খেলোয়াড়দের মারধর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে অতিরিক্ত রেফারি জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খেলার মধ্যে হট্টগোল হওয়ার সময়েই প্রশাসনের উচিত ছিল আমাদের নিরাপত্তা দেওয়া। ’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘রেফারিকে মারধর করা হয়নি। খেলোয়াড়রা তাকে তাড়া দিয়েছে। পরে প্রশাসন ও সকলের সহযোগিতায় তাদের ঝিনাইদহ পাঠিয়ে দেওয়া হয়েছে। ’
এ বিষয়ে ক্রীড়া বিভাগের পরিচালক ড. সোহেল বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা শৃঙ্খলা কমিটির সঙ্গে বসেছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।’