
বায়োজিদ হোসাইন।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা (বাণী অর্চনা ১৪২৬ বঙ্গাব্দ) উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পূজা মণ্ডপের(অস্থায়ী) পাশাপাশি বিভিন্ন বিভাগ সনাতন ধর্মমতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার আয়োজন করেছে।
বৃহস্পতিবার(৩০জানুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে পূজা অর্চনার মধ্য দিয়ে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় মন্ডপ(অস্থায়ী) এর পাশাপাশি বিভিন্ন বিভাগ পূজার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এসময় উপাচার্য বক্তব্য দিতে গিয়ে বলেন- সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। তাই বিদ্যা দেবীর কাছে আমার প্রার্থনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করবেন। সরস্বতী পূজার সার্বিক সাফল্য কামনা করি।
বিভিন্ন অনুষ্ঠান এর মধ্যে রয়েছে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা উল্লেখযোগ্য ।