আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বানী অর্চনার মধ্যদিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে দেশের বিভিন্ন বিদ্যাপীঠে বর্ণিল আয়োজন ও সাজসজ্জা করা হয়েছে। আজ দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে অনেক স্থানে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। পূজার্থীরা দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেবে পূজামণ্ডপে। এছাড়াও কিছু মণ্ডপে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।
সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।
শিক্ষার্থীরাই এ পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এ মাঠে সরস্বতী পূজা উপলক্ষে চমৎকার এক উৎসবে পরিণত হয়েছে। ইতিমধ্যে পূজা উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।