
ইবি সংবাদদাতা।। কিডনী রোগে আক্রান্ত ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আসমার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ার এজেন্সির’ (এইচ.ডব্লিউ.এ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র সামনে আসমার ভাই মমিনুর রহমানের হাতে ১৪ হাজার টাকা তুলে দেন সংগঠনটির সদস্যরা।
জানা যায়, সাতক্ষীরাা শ্যামনগর থানার ভূমিহীন দিনমজুর আনোয়ার হোসেনের মেয়ে আসমা আক্তার আঁখি (১৫)। দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, আসমা গত বছরের জুন মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালেে ভর্তি করা হয়। পরে উন্নতি না হলে খুুুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন নানা অসুস্থতায় ভোগায় দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে বলে জানান চিকিৎসকরা। এসময় চিকিৎসকরা আসমার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।
টাকা হস্তান্তরের সময় সংগঠনটির ইবি শাখার সভাপতি মিরাজ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক আল কাওছার, ইবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আলম মিয়া, যুগ্ন-সম্পাদক আবু জার।
এছাড়াও সমাজ কল্যাণ সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক লিমন মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক সাইফুল্লা মাহাদী, শিশু ও মা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইবি শাখা সভাপতি মিরাজ মাহমুদ বলেন, ‘কিডনী রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আসমার পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। আমরা নিজেদের প্রচেষ্টায় সাধ্যানুযায়ী আসমাকে সহযোগিতা করেছি।’
উল্লেখ্য, ‘সহযোগিতাই হোক মানবতার প্রচেষ্টা’ স্লোগানকে সামনে রেখে হিউম্যান ওয়েলফেয়ার এজেন্সি (এইচ.ডব্লিউ.এ) ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে তাদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।