নিজস্ব প্রতিবেদক।। বিরোধী দলীয় প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্টদের ঢুকতে না দেয়া ও সংঘর্ষসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ। কাজেই এখন গণনা শুরু হয়েছে। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
শনিবার সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
এবারের সিটি নির্বাচনে দুই সিটিতে ২ হাজার ৪৬৮ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৫৯৭টি কেন্দ্র ছিলো গুরুত্বপূর্ণ। আর সাধারণ কেন্দ্র হিসেবে ছিল ৮৭১টি। নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ৬ জন অস্ত্রসহ পুলিশ (একজন এসআই, একজন এএসআই ও চারজন কনস্টেবল), ২ জন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার এবং ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (চারজন নারী ও ছয়জন পুরুষ) মোতায়েন ছিলো। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ চারজন পুলিশ (এসআই/এএসআই ১ জন ও ৩ জন কনস্টেবল), ২ জন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার, ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য মোতায়েন ছিলো।
এবার ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন নারী ভোটার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ডিএসসিসিতে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার রয়েছেন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।