আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯৭৯ কেন্দ্রের ফলাফলে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নৌকা প্রতীকের তাপস পেয়েছেন ৩,৬৫,০৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১,৯৭,৭৭৫ ভোট।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা চলছে।
ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন। সেখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রতিনিধিরা। তবে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের কোনো প্রতিনিধির দেখা মেলেনি।
এর আগে শনিবার সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।
এদিকে সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগ করেন বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এমনকি কর্তব্যরত সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিএনপির অভিযোগ প্রসঙ্গে বলেন, বিষয়টা সম্পূর্ণ অমূলক। তাদের (বিএনপি) তেমন সাংগঠনিক কাঠামো নেই, তাই তারা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। নিশ্চিত পরাজয় জেনে এসব অভিযোগ করছে তারা।
ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাতজন। এরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, ধানের শীষ প্রতীকে বিএনপি’র ইশরাক হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান অরফে আয়াতউল্লাহ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহরান এবং মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড এই সিটি গঠিত। এই সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে। ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন। তার সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন ২৫ জন।
অন্যদিকে, দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৪০৮ জন। এর মধ্যে ৭৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩২৬ জন, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী ৮২ জন।