আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশের ৯৬ ভাগ মানুষ পল্লী বিদ্যুতের সুবিধা পাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হবে বলে আশাবাদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ (শনিবার) রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ইতোমধ্যে দেশের ৪৬১টি উপজেলার মধ্যে ৪১০টিতে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই বাকি ৫১টি উপজেলাগুলোয় বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। শতভাগ বিদ্যুতায়নের সবচেয়ে বড় সফলতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বলে উলেখ করেন নসরুল হামিদ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ধন্যবাদ জানান তিনি। বলেন, মুজিববর্ষে বাংলাদেশের জনগণের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এটাই হবে সবচেয়ে বড় উপহার।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৯৮ কিলোওয়াট প্রতি ঘণ্টায় ব্যবহার করছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতে হলে এটাকে ১২শ থেকে ১৭শ কিলোওয়াট করতে হবে। বিদ্যুতের কারণে বর্তমানে গ্রামের মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে। গ্রামের মানুষ এখন ফ্রিজ এবং টেলিভিশন ব্যবহার করে। অর্থনৈতিক উন্নতি সার্কেল বিদ্যুতের উপর নির্ভর করে। বিদ্যুৎ ব্যবস্থা উন্নত হলে, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
বিদ্যুতায়নের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী আলোচনা পর্ব শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগের মুজিববর্ষের কর্মসূচি উদ্বোধন করেন।