আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরেন্দ্র মেদির সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
ঢাকায় দুই দিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সোমবার সকালে ঢাকায় আসার পর সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া :এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে মঙ্গলবার সকালেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।