আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শেষ কর্মদিবসের পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাত পোহাতেই যেন সড়কে বইছে মৃত্যুর মিছিল। আজ ভোর থেকে এখন পর্যন্ত ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ২১ জনের। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সাভার, ময়মনসিংহ ও কুমিল্লায় বৃহস্পতিবার রাত থেকে ও শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হবিগঞ্জের নবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।
হবিগঞ্জ
হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত ৪ জনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই নারীসহ ৮ জন মারা যান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে। আহত ৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আজ (শুক্রবার) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভাটি কালিসীমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, মাইক্রোবাসে করে ১০ জন নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়া লিমন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসটির ৬ যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
ফেনী
ফেনীর সোনাগাজীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মতিগঞ্জ এলাকায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান। মোটরসাইকেলটি দ্রুত যাওয়ার সময় এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। পড়ে স্থানীয়রা খবর দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন। পরে বাবলুকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা যান।
ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় দু’টি পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাভার
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার দিবগত মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ আহম্মেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়নগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন। তবে বর্তমান তারা পরিবার নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় থাকতেন।
কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।