আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হওয়া তিনজন শঙ্কামুক্ত। নতুন কেউ করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর- এর নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় আইইডিসিআর পরিচালক বলেন, যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা ভালো আছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি। ফলে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ জন। এ ছাড়া আক্রান্ত সন্দেহে ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর আইসোলেশনে রাখা হয়েছে মোট ৮ জনকে।
করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য সচেতন ও পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন আইইডিসিআর পরিচালক।