
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সব বিদ্যালয়ে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মোল্লাহাটের শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামিমার হাতে মাস্ক ও সাবান তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের কাছে মাস্ক ও সাবান তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফরা তাসনীন বলেছেন, স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি।
লিফলেটগুলো সরাসরি শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। মাস্ক ও সাবান শিক্ষকদের কাছে রয়েছে। শিশুরা হাত ধুয়ে ক্লাসে ঢুকবে। কোনো শিশুর যদি হাঁচি-কাশি হয়, তাহলেই শুধু মাস্ক পরবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই সতর্ক থাকলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে।