সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের দিরাইয়ের আলোচিত শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বাবা ও এক চাচার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় শিশু তুহিনের অপর দুই চাচাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট সুনামগঞ্জের জেলা দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন। অপরাধ প্রমাণ না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন– তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫)। তুহিনের চাচা আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলীকে (৬০) বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এর আগে গত ১০ মার্চ সুনামগঞ্জের শিশু আদালত তুহিন হত্যা মামলায় তার ১৭ বছর বয়সী কিশোর চাচাতো ভাইকে ৮ বছরের কারাদণ্ড দেন।
তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগমের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তার চাচাতো ভাই শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর বাবাসহ পাঁচজনকে অভিযুক্ত করে সুনামগঞ্জের দিরাইয়ে বহুল আলোচিত শিশু তুহিন হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২০১৯ সালের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে রোমহর্ষক এই হত্যাকাণ্ড ঘটে। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পর দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন।