ঢাকা।। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে আরো ৭জন ইউরোপ প্রবাসী দেশে ফিরেছেন। বুধবার রাতে তারা সুইডেন ও স্লোভেনিয়া থেকে পৃথক দুই ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, কাতার এয়ারওয়েজ ও টার্কিশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ওই সাতজন দেশে আসে। তাদের তিনজন সুইডেনের এবং চারজন স্লোভেনিয়ার। নিষেধাজ্ঞার কারণে তাদের প্রথমে ঢুকতে না দেয়া হলেও তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে পা রাখেন।
তিনি আরও বলেন, ওই সাতজনকে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।