ঢাকা।। করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে পাইকারি বাজারে পেঁয়াজের দাম তিন গুণ বৃদ্ধি করায় পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে দণ্ড ও ১৪ প্রতিষ্ঠানকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) ভোর ৬টায় যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে র্যাবের এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, ‘করোনার কারণে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকের মধ্যেই একদিনে কয়েক মাসের বাজার করার প্রবণতা দেখা গেছে। এই সুযোগে আমাদের কিছু ব্যবসায়ী পণ্যের দাম তিন থেকে চার গুণ বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘পাইকারি বাজারে গত বুধবার ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ মার্চ) প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩১ টাকায় বিক্রি হলেও গতকাল (২০ মার্চ) এই পেঁয়াজ বিক্রি করেছে প্রতি কেজি ৬৫ থেকে ৬৮ টাকায়। খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ এটা পেঁয়াজের সিজন। দেশে পেঁয়াজের মজুদ পর্যাপ্ত রয়েছে। ব্যবসায়ী, আড়তদাররা মিলে এই কাজগুলো করেছেন। এ পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাঁচ জনকে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’
সারওয়ার আলম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এই করোনাভাইরাস বা মানুষের অতিরিক্ত কেনাকাটার সুযোগকে কাজে লাগিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও জনগণ ও ক্রেতাদের অনুরোধ করবো আপনারা একই সাথে দুই থেকে তিন মাসের বাজার করবেন না। আপনারা সর্বোচ্চ সাত দিনের বাজার করতে পারেন। সবাই এভাবে কেনাকাটা করলে দাম বাড়িয়ে ফেলবে ব্যবসায়ীরা।’
ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছি। কে কত টাকা নিচ্ছে তা নজরদারি করছি। সব ক্রেতাদের অনুরোধ করছি, আপনারা ভাউচার ছাড়া পণ্য ক্রয় করবেন না। আমরা দেখতে চাই কে কোন পর্যায়ে কত টাকা বাড়িয়েছেন।’