জাহাঙ্গীর আলম রাজু, সাভারঃ
সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় ৬তলা একটি ভবন তার পাশে অবস্থিত অপর একটি ৩তলা ভবনের উপর হেলে পড়ায় স্থানীয় প্রশাসন দু’টি ভবনই সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আবাসিক ভবন দু’টিতে থাকা বাসিন্দাদের।
রোববার রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবন দু’টি সিলগালা করার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।
ভবন দু’টি হলো মজিবর রহমানের মালিকানাধীন তারা মহল ভিলা (৬তলা) ও আইয়ুব আলীর মালিকানাধীন রুদ্র ছায়া (৩ তলা)।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, রোববার রাতে ইউএনওর নেতৃত্বে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় ওই ভবন দু’টি পরিদর্শনে যান তারা। এসময় দেখতে পান তারা মহল ভিলা নামে ছয়তলা ভবনটি পাশের রুদ্র ছায়া নামে তৃতীয়তলা ভবনের উপর হেলে পড়েছে। সেসময় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় ভবনে বসবাসরত সমস্ত বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় ভবন দু’টি সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি আরও বলেন, ৬তলা ভবনটির নকশা না মেনে অনুমোদনহীনভাবে তৈরি করা হয়েছে বিধায় তা পাশের ভবনের উপর হেলে পড়েছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমান বলেন, সাভারে জয়নাবড়ী এলাকায় ভবন দু’টি থেকে বাসিন্দাদের সরিয়া নেওয়ার পর তা সিলগালা করে দেওয়া হয়েছে। অনুমোদন না নিয়ে ভবন তৈরির বিষয়টি তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।