ঝিনাইদহ।। আয়-রোজগার কমে যাওয়া আর করোনা আতংকে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ভাড়া বাসায় ফেলে পালিয়ে গেছে পরিবার। ২০ দিন পর প্রতিবেশীদের সহযোগিতায় নিজ গ্রামে গিয়েও বাড়িতে উঠতে পারেননি সে। আশ্রয় দেননি চেয়ারম্যান মামা। শেষ পর্যন্ত বাজারে রেখে চলে গেছে গাড়ি চালক। পরে আশরাফুজ্জামান নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
জানা গেছে, সাভারের একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ২০ বছর বসবাস করে আসছিল ব্যবসায়ী আশরাফুজ্জামান। দু’বছর আগে বাথরুমে পড়ে গিয়ে চলার শক্তি হারায় আশরাফুল। আয়-রোজগার কমে যাওয়া আর করোনা আতংকে স্ত্রী নাসিমা জামান ও ছেলে মনিরুজ্জামান ওই ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে যায়। সেখানেই গত প্রায় ২০ দিন একা থাকার পর প্রতিবেশীদের সহযোগিতায় একটি পিকআপ ভাড়া করে ঝিনাইদহে আসেন আশরাফুজ্জামান।
শৈলকুপা উপজেলায় নিজ গ্রাম উমেদপুরে গেলে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর পোড়াহাটি এলাকায় চেয়ারম্যান মামার কাছে গেলে সেখানেও আশ্রয় মেলেনি তার। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে পিকআপ চালক তাকে গোয়ালপাড়া বাজারে রেখে চলে যায়। পরদিন বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
আশরাফুজ্জামান বলেছেন, ‘অসুস্থ অবস্থায় স্ত্রী-সন্তান আমাকে ফেলে পালিয়ে গেছে। কোথায় আছে জানিনা। কেউ ভয়ে আমাকে রাখেনি, আশ্রয় দেয়নি।’
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: নাজমুস সাজ্জাদ জানিয়েছেন, তার শরীরে করোনার কোন লক্ষণ নেই। ঢাকা থেকে আসার কারণে তাকে হাসপাতালের ফ্লু ওয়ার্ডে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।