দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুরে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) ছাত্রলীগ কর্মীরা উপজেলার চন্তিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে দিনভর দুই কৃষকের ১২ কাঠা জমির ধান কেটে দেয়। চন্তিগড় ইউনিয়ন ছাত্রলীগ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটায় কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে কৃষক রস্তম আলীও ফজলুল হকের বাড়িতে ধান পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কৃষক রস্তম আলী ও ফজলুল হক বলেন শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলো না, জমিতেই পাকা ধান নষ্ট হতে চলছিল। ছাত্রলীগের কর্মীরা ধান কেটে সাহায্য করায় কৃষকদের মুখে হাসি । ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষক সহ এলাকাবাসী।
ছাত্রলীগ নেতা সাইফুল বলেন , মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। তারা পরবর্তীতেও কৃষকের পাশে থাকবে বলেও জানান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিম তালুকদার বলেন ,কৃষকের দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পাশে আছে। তাই চলতি মৌসুমে বোরো ধান নিয়ে বিপাকে পড়া কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিবে ছাত্রলীগ। এছাড়া কৃষকদের যে কোন ধরণের সহযোগিতা করার চেষ্টা করবে ছাত্রলীগের নেতাকর্মীরা। আর করোনা সংকটে থাকা কর্মহীন, অহসায় মানুষদেরও সহযোগীতা করা অব্যাহত রেখেছে ছাত্রলীগ ।