আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান কর্মসূচীতে কর্মহীন হয়ে পড়া সাভারের হত দরিদ্রদের জন্য শুরু হলো মানবতার ইফতার বাজার। যেখানে সম্পূর্ণ রোজার মাসজুড়ে বিনামূল্যে দুস্থদের মাঝে তুলে দেয়া হবে বিভিন্ন ইফতার সামগ্রী।
শনিবার বিকেলে রমজানের প্রথম দিন থেকেই সাভার সিটি সেন্টারের সামনে এমনই এক ইফতারের বাজার বসিয়েছে সাভার উপজেলা ছাত্রলীগ। এছাড়া সাভারের ব্যাংক কলোনি ও থানা স্ট্যান্ডে বিতরণ করা হয় ইফতার সমগ্রী।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি অতিকুর রহমানের পরিচালনায় এই ইফতার বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভার উপজেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। দ্রুত করোনা সংকট মোকাবেলায় সমাজের প্রত্যেক সামর্থবান ব্যক্তিরা আসুন এভাবে দুস্থ অসহায় মানুষের পাশে দাড়াই। করেনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সকলকে সচেতন হওয়া আহ্বান জানান তিনি। 
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতেই প্রতিদিন বিনামূল্যে ইফতার তুলে দেয়া হবে। পুরো রমজান মাসব্যাপী এই কর্মসূচী চলবে বলে জানান তিনি।
ইফতার বাজারের প্রথম দিনে ছয়শত দুস্থ, প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ছোলা, বেগুনী, পিঁয়াজু, মুড়ি, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেয়া হল তাদের হাতে।
অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা রাজিম ভূইয়া মিশু, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাহিদ খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।