আদিতমারীতে আহত কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেফতার ৪
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৫ মে, ২০২০
-
১১৫
বার দেখা হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে আহত কলেজ ছাত্র রিয়াজ ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় এলাকাবাসী মঙ্গলবার আসামীদের বাড়ী ঘেরাও করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ আসামীকে গ্রেফতার করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামে।
গ্রেফতারকৃতরা হলেন: সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, জামিলা বেগম ও আয়শা খাতুন। তারা সবাই পুর্ব ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।
নিহত রিয়াজ ইসলাম (২২) ওই গ্রামের কৃষক নায়েব আলীর ছেলে ও লালমনিরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আদিতমারী থানা পুলিশ জানায়, গত ১ মে জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা কলেজ ছাত্র রিয়াজ ইসলাম, তার বাবা সায়েব আলী ও মা মিনা বেগমকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
রিয়াজের মাথায় বল্লম দিয়ে আঘাত করায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও তার আহত বাবা-মাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ ইসলাম মঙ্গলবার ( ৫ মে) মারা যান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Please Share This Post in Your Social Media