ঢাকা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার সাইক্লোন ‘আম্পান’ সৃষ্ট সর্বশেষ দুর্যোগ পরিস্থিতি সর্বক্ষণ মনিটরিং করছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
এরিমধ্যে প্রায় ১৬ লাখ লোককে উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী এর আগেও নির্দেশ দিয়েছেন বলে জানান ইহসানুল করিম।
এ সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর ‘মহাবিপদ সংকেত’ এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।