আবদুল্লাহ রিফাত।। করোনাভাইরাস (কভিড-১৯) এর ফলে ভাটা পড়েছেন এবারের হজ্জ যাত্রার। কয়েক দফা সময় বাড়িয়েও নির্ধারিত কোটা অনুযায়ী নিবন্ধন হয়নি। সরকারি বেসরকারি মিলে ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন। এ নিয়ে বেসরকারি হজ এজেন্সিগুলো হতাশ হলেও সরকার বলছে দুর্যোগের কারণে হজযাত্রী কম হবে।
এ বছর হজের জন্য মার্চ মাসের শুরুতে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। এরইমধ্যে চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সবকিছু এলোমেলো হয়ে যায়। ভাটা পড়ে হজ নিবন্ধন কার্যক্রমেও।
সৌদি আরব এ বছর বাংলাদেশি হজযাত্রীদের জন্য এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারণ করে দেয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। কোটা পূরণ না হওয়ায় তিন দফায় সময় বাড়ানোর পর সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ জনসহ মোট ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেন।