মণিরামপুর (যশোর) অফিস।। যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পর্শে হেলাল হোসেন (১১) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার মুজগুন্নি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। হেলাল কেশবপুরের দোরমুটিয়া হেফজখানার ছাত্র ছিল।
নিহতের দাদা সরোয়ার হোসেন জানান, সকালে পাশের বাড়ির শাহিনের বাড়িতে বন্ধুদের সাথে খেলছিল হেলাল। একপর্যায়ে শাহিনের ঘরের টিনের বেড়ার সাথে হেলান দেয় সে। তখন বিদ্যুতায়িত হয়ে ছেলেটির পিঠ পুড়ে যায়।
শাহিনের টিনের বেড়ায় বিদ্যুতের মিটার লাগানো। তার ছিদ্র হয়ে টিন বিদ্যুতায়িত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
সরোয়ার বলেন, উদ্ধার করে বেলা সাড়ে ১০ টার দিকে ছেলেটিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ময়নাতদন্ত বাদে লাশ নিতে পুলিশের সাথে আলোচনা চলছে।