ঢাকা।। গণপরিবহন চলাচলের ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ’র সাথে আলাপ-আলোচনা মাধ্যমে একটি পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবন এলাকায়র সরকারি বাসভবনে থেকে এক ভিডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।
ওবায়দুল কাদের বলেন, সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, এই ছাড় যেন বিষাদে পরিণত না হয়, মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে বিআরটিএ’র সাথে মিটিং করে এসব বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
কাদের বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি, অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
তিনি আরো বলেন, জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় অবাধে অপপ্রয়োগ করলে হীতে বিপরীত হওয়ার আশংকা থাকবে। করোনা আমাদের কারো বন্ধু নয়, কাজেই এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হবে আত্মঘাতী।