আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পিএস কোভিড-১৯ আক্রান্ত হলে তিনি হোম কোয়ারান্টাইনে যান। এবার কোয়ারেন্টাইন সময় শেষ করে তিনি করোনার আশঙ্কামুক্ত হয়েছেন।
গত সোমবার (১ জুন) তার ব্যক্তিগত সহকারী (পিএস) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজোয়ান আহমেদ চয়ন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এমপি শেখ তন্ময়ের সঙ্গে পিএস’র সরাসরি যোগাযোগ থাকায় তারও আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে কোয়ারেন্টাইনে চলে যান।
কোয়ারেন্টাইন সময়ের মধ্যে তার বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে। গত ২০ জুন পিএস রেজোয়ান আহমেদ চয়নের করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে এবং এমপি শেখ তন্ময় শঙ্কামুক্ত হয়ে কোয়ারেন্টাইন সময় শেষ করেন।
এমপি শেখ তন্ময়ের করোনা আশঙ্কার কথা জেনে সারাদেশে তার ভক্ত-সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়েছিলো। তাদের উদ্দেশে এমপি তন্ময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, করোনাকালে তার নির্বাচনী এলাকায় (বাগেরহাট সদর-কচুয়া) ব্যাপক তৎপরতা দেখা গেছে এমপি শেখ তন্ময়ের।
সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন হটলাইনের মাধ্যমে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এ স্লোগানে নিজের সংসদীয় আসনে চিকিৎসাসেবা চালু করা।
এছাড়া ‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গীকার’ এই স্লোগান সামনে রেখে বাগেরহাট-২ আসনে এক হাজার ৭০৪ জন সন্তান সম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, ডাক্তারদের জন্য সেফটি চেম্বারও স্থাপন, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা, স্বাস্থ্যকর্মী- স্বেচ্ছাসেবীসহ সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, ঘূর্ণিঝড় আম্ফানের পর ত্রাণ বিতরণ ইত্যাদি।