আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাটে ৫ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ফকিরহাট কাজি আজহার আলি কলেজ গেটের চা দোকানদার হেমায়েত উদ্দিন।
রবিবার (২৮ জুন) বিকাল ৪টায় হোম কোয়ারান্টাইন থাকা অবস্থায় তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।
কাজি আজহার আলি কলেজ মাঠেই করোনাকালীন কাঁচাবাজার ও মাছের বাজার বসতো। গেটের পাশে চায়ের দোকান হওয়ায় কত মানুষ তার সংস্পর্শে এসেছে তা জানা অসম্ভব বলে মনে করছেন বাজার কমিটি।
এ নিয়ে এ পর্যন্ত উপজেলায় মোট দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ডা: উপেন্দ্রনাথ পাল। এ পর্যন্ত ফকিরহাটে মোট শনাক্ত হয়েছে ৫০জন।
ফকিরহাট উপজেলা বাজার কমিটির সভাপতি ও ফকিরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান শিরিনা আক্তার জানান, ৩০ জুন থেকে ১৪ দিন বাজার লকডাউন থাকবে। ওষুধসহ জরুরী পন্য ছাড়া বাকি দোকান বন্ধ থাকবে।