আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাট জেলায় কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৩৮১ জনকে ৯ লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করেছে। সাথে ১ হাজার ৩৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ১ হাজার ৩৫৩টি।
গত জুন মাসে বাগেরহাটের ৯টি উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহীনুজ্জামান বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে বাগেরহাটের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসন শুরু থেকে নানা সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ব্যাপক প্রচারণা চালানোর পরেও অনেকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন রয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নাগরিকদের সুরক্ষা দিতে বাগেরহাটের ৯টি উপজেলায় ৩০টি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে কাজ করছে।
অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, বার বার সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষার একমাত্র উপায় বলে শুরু থেকে জানিয়ে আসছে সরকারের স্বাস্থ্য বিভাগ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।