আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাটে শনিবার (১১ জুলাই) করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে পিতাপুত্রের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার বলেন, কোভিড-১৯ খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মোঃ ইয়াদ আলী (৬০) নামের একজন পল্লী চিকিৎসক মারা যান। এদিন বিকেলে তার পুত্র খানজাহান আলী বাদশা (২৮) করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের বাড়ী সাতবাড়িয়া গ্রামে।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আট্টাকা গ্রামের শেখ আঃ সালাম গ্রাম পুলিশ। তিনিও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তার নমূনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এরআগে ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা যান। ফকিরহাটে বাগেরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, আজকে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাটে করোনায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে বেশ কয়েকজন মারা গিয়েছেন।
এছাড়া খুলনা ও যশোর থেকে প্রাপ্ত রিপোর্টে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়। বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৮ জনে। এর মধ্যে ১৯০ জন সুস্থ ও অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ।