আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নিজ জন্মভূমি নড়াইলে চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা আক্তার রত্না। শনিবার (৮ আগস্ট) সকালে জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
রেশমা মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের ছোট মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গতকাল শুক্রবার ঢাকা লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য সমবেদনা জানিয়েছেন।
পুরো নাম রেশমা নাহার রত্না। যুক্ত ছিলেন শিক্ষকতার সঙ্গেও। ধানমন্ডির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন। থাকতেন মিরপুরে সরকারি কোয়ার্টারে। শিক্ষা ও সংস্কৃতির নানা কার্যক্রমের পাশাপাশি পর্বত অভিযাত্রী হিসেবেও বিভিন্ন ধরণের ট্র্যেকিং সম্পন্ন করেছেন। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও।
পর্বতারোহণে তাঁর বিপুল উৎসাহ ছিল। প্রথমে দার্জিলিংয়ে তেনজিং নরগে মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে বেসিক কোর্স সম্পন্ন করেন এবং তারপর হিমাচলের মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে উচ্চতর কোর্সও সম্মন্ন করেছেন। ইতিমধ্যেই রত্না ছয় হাজার মিটার পর্যন্ত ট্রেকিং সম্পন্ন করেছেন। ধাপে ধাপে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পা রাখার স্বপ্ন ছিল রত্নার। সেজন্য নিয়ম করে সাইকেল নিয়ে বের হতেন।
প্রতিদিনের মতো আজও রমনায় জগিং, হাতিরঝিল এলাকায় সাইকেল চালিয়ে মিরপুরের বাসায় ফিরছিলেন। কিন্তু বিজয় স্মরণী পাড় হয়ে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন এলাকায় গেলে পেছন থেকে দ্রুতগামী গাড়ি তার সকল স্বপ্নকে চিরতরে মিলিয়ে দেয়। এই রকম একটি সম্ভাবনাময় জীবনের অকাল পরিণতিতে আত্মীয় স্বজন, বন্ধুমহল সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত