আমমাদেরবাংলাদেশ ডেস্ক।। গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ৫শ’ ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫শ’ ১৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। এ পর্যন্ত ১৪ লাখ ৮৫ হাজার ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে করোনা শনাক্তের ১৭২তম দিনে বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এছাড়া একদিনে ৩ হাজার ৪শ’ ২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯০ হাজার ১শ’ ৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।
গেল ২৪ ঘন্টায় মৃত ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী।
গতকাল ২৫ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোট ৯১টি ল্যাবে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়। আর ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
সে হিসেবে গতকালের তুলনায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা এবং মৃত্যুর হার সবকিছুই বেড়েছে। গতকাল শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ছিলো ১ দশমিক ৩৪ শতাংশ। সেখানে আজ শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৯৮৭ জনের। আর বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৭২৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪২১ জনের। আর আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৫৬ হাজার ১৬০ জন।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৭৪ হাজার ১৭৬ জন। আর এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৬৬ জন।
আক্রান্ত দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৩৯ হাজার ৯৬ জন। আর মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬৪৫ জনের। তবে, মৃতের সংখ্যার দিক ভারতের চেয়ে উপরে রয়েছে মেক্সিকো। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ হাজার ৪৫০ জনের।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা।