আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালী থানায় নতুন এই মামলাটি দায়ের করা হয়। মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “একই বাদী গত রবিবার লালবাগ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।”
এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নুরসহ ধর্ষণ মামলার অপর পাঁচ আসামিকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কাকরাইলের মৎস্য ভবনের নিকটে পুলিশের ওপর আক্রমণ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছিল বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম।
পরে এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে তারা একটি মুচলেকায় সাক্ষর করেন।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, “আইন-শৃঙ্খলা ব্যাহত করার জন্য আমরা তাদের হেফাজতে নিয়েছিলাম। তবে আমরা জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দিয়েছি।”