আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক খানের (৭০) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিয়েছে নগদ ২৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার।সোমবার সকালে (২৮ সেপ্টেম্বর) আব্দুল খালেক খানের পুত্র আব্দুল হামিদ খানের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশীয় অস্ত্রে সজ্জিত ১২-১৪ জনের ডাকাত দল গাছ বেয়ে এক তলা ভবনের ছাদে উঠে চিলে কোঠার দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। ডাকাতরা প্রথমে ছোট ভাই ফজলুল হক খানের রুমের দরজা বাইরে থেকে আটকে দেয়।
এরপর ধারালো ছুরি গলায় ধরে তার বাবা ও তাকে হাত-পা বেঁধে মারধর করে। সেই সঙ্গে তার মা-হাসনা হেনাকে কম্বল চাপা দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে চাবি নিয়ে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।তিনি আরো বলেন, ‘সাভারে একটি জমি কেনার জন্য রবিবার (২৭ সেপ্টেম্বর) অগ্রণী ব্যাংক মানিকনগর শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকাসহ আরো ৩ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুটে করে নেয় ডাকাতরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান বলেন, পূর্ব শক্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত