মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। সাভারে এক হোটেল ব্যবসায়ীকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনা উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যা কান্ডের সাথে জড়িত ৯ ডাকাতকেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক মোঃ ইমরান হোসেন।আটককৃতরা হলো- বশির মোল্ল্যা(৪২), শেখ হাফিজ(৩৫),আনোয়ার হোসেন(৩৫), আমির হোসেন (২৮),আল আমিন (২৮),জুয়েল মিয়া (৩২),নঈম (২২),তপন মিয়া (২৮),নাজমুল মিয়া (৩০)।
পুলিশ জানায়, গত ৬ অক্টোবর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কের সামনে থেকে মিরপুরের হোটেল ব্যবসায়ী লস্কর রবিউল ইসলামের (৪১) লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
পরে মামলাটির তদন্তভার পায় ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতবুধবার আশুলিয়া ও ঢাকার যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া নয় জন ডাকাতকে আটক করে। এসময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও একটি বাস জব্দ করে।
পিবিআই ঢাকা জেলার এসআই ইমরান বলেন, গত অক্টোবর মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্কর আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এক বন্ধুর সাথে দেখা করতে আসেন। রাতে আশুলিয়ার নবীনগর থেকে মিরপুর যাওয়ার জন্য একটি বাসে উঠেন। বাসে উঠার পরে যাত্রীবেশে থাকা একদল ডাকাত ওই হোটেল ব্যবসায়ীকে বাসের ভিতরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ সাভারের বলিয়ারপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়।
এসময় ডাকাতরা নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে নিহতের নাম্বার থেকে ফোন দিয়ে তার স্বামীর লাশ বলিয়ারপুরে ফেলে রাখা আছে বলে জানিয়ে লাশ নিয়ে যেতে বলেন। পরে ওইদিন সন্ধ্যায় ওই হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আটক ডাকাত সদস্যরা ডাকাতিসহ নানা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন