নিজস্ব প্রতিবেদক।। সাভারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদার সাথে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডা. সায়েমুল হুদা জানান, পল্লীচিকিৎসা পেশা অত্যন্ত সম্মানের পেশা। যেকোনো রোগের সাধারন পর্যায়ে সাধারন মানুষের প্রথম ভরসা পল্লী চিকিৎসা। সেজন্য সাধারন লোকের বিশ্বাসকে পুজি করে কেউ যেন চিকিৎসা সেবায় প্রতারণার আশ্রয় না নেয় সেদিকে সকলে লক্ষ্যে রেখে কাজ করার আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০(২০, ডিসেম্বর ২০১০-এ প্রকাশিত গেজেট) এর ধারা ২২(১) ও ২৯(১) এর আওতায় MBBS/BDS বাদে অন্য চিকিৎসকদের নামের আগে ডাঃ (ডাক্তার) পদবী ও নামের পরে ডিগ্রী ব্যবহার অপরাধ।
কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা ব্যতীত নামের পূর্বে ডা. ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ্য করে তিনি আরও জানান, কেউ এ ধরনের অপরাধ করলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
এসময় তিনি করোনায় সম্মুখযুদ্ধে অংশ নেওয়া পল্লী চিকিৎসকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক তোফা সানি, সিনিয়র সাংবাদিক শেখ আবুল বাশার এবং সাভার ও আশুলিয়ার পল্লী চিকিৎসকগন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু