গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ ও আবুল কাসেম মৃধা (৪৫) হত্যার প্রতিবাদে মানব বন্ধন। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে কৃষক আবুল কাসেম মৃধা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ভ‚মি দস্যুদের সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত আবুল কাসেম মৃধার হত্যা মামলায় সকল আসামী গ্রেফতার ও দ্রুত বিচার এবং পটুয়াখালী-ভোলা আন্তঃজেলা সীমানা নির্ধারণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবীতে গলাচিপা উপজেলা প্রশাসন চত্বরে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে আবুল কাশেম মৃধার হত্যা মামলায় আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে প্রকাশ্য দিবালকে পূর্ব চরবিশ্বাস মৌজায় (বি.এস) আবুল কাসেম মৃধাকে ধান ক্ষেত সংলগ্ন রাস্তায় কুপিয়ে হত্যা করে এবং অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
দীর্ঘ ৮ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিচার হয়নি। সন্ত্রাসীরা প্রকাশ্য ঘোরাঘুরি করছে এবং নিহত পরিবারসহ অন্যান্য কৃষক শ্রমিকদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে, তাই প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি জানায় নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ। মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো।