আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সরকারি হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৯২২ জন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন।
আজ (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৫টি, জিন-এক্সপার্ট ২৮টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮২৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন ও চট্টগ্রাম বিভাগের তিন জন। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুই জন রয়েছেন। তারা সবাই হাসপাতালেই মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।