আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রখ্যাত এই আইনজীবীর মরদেহ দেশে নিয়ে আসা হয়।
তার মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মর্গে।
শুক্রবার সকাল ১০টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে এবং বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দফা জানাজা হবে মওদুদের। নয়া পল্টনের জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে মওদুদ আহমদের কফিন নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে।
সেখানে বাদ আসর কোম্পানিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর নিজের বাড়ির আঙিনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মওদুদ আহমদকে দাফন করা হবে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় ব্যারিস্টার মওদুদ আহমদের। তার বয়স হয়েছিল ৮১ বছর। কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।























































