আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পারস্পরিক স্বার্থ রক্ষা করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর জমকালো অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলংকার সরকার প্রধান এই আশা প্রকাশ করেন।
রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্দ্ধতন কর্মকর্তারা।
টুইটে রাজাপক্ষে লেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।
ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপক্ষে। ওই টুইটে তিনি লেখেন, বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি সম্মানিত।
রাজাপক্ষের সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে, ঢাকা সফরের সময় রাজাপক্ষে আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। আগামীকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম