আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নানা রোগে ভুগে বিএনপির অন্তত ৭ জন কেন্দ্রীয় নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। তারা তিনজনই করোনায় আক্রান্ত।
বিএনপির অন্যতম মুখপাত্র রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গত বুধবার (১৭ মার্চ) নমুনা পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সস্ত্রীক হাসপাতালে ভর্তি আছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা নেতাকর্মীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। তাদের আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন তারা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু