সঞ্জয় কর্মকার যশোর থেকে।। যশোরে দুলা ভাইয়ের হাতে শ্যালককে হত্যার ঘটনায় দুলাভাইকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে যশোর ডিবি পুলিশ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে হত্যাকারী দুলাভাই শিশিরকে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, আট মাস আগে রাতুলের বোন মাহামুদা মমতাজ মীমকে ভালবেসে গোপনে বিয়ে করে শিশির। কিন্তু মীমের পরিবার মেনে না নিয়ে শিশিরকে একদিন অপমান অপদস্থ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে মিমের একমাত্র ভাই রাতুলকে হত্যার পরিকল্পনা করে ।
পরবর্তীতে গত ১২ জুলাই পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে তার বোনের ফোনের মাধ্যমে ডেকে এনে চৌগাছার লস্করপুরের একটি পাটক্ষেতে গাঁজা সেবন করায় ও কোমল পানীয়ের ভেতরে ঘুমের ঔষধ মিশিয়ে তাকে খাওয়ায় । পরে সে অচেতন হয়ে পড়লে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শিশির। আটককৃত শিশির ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাশিপুরের বাসিন্দা হায়দার আলী মন্ডলের ছেলে।
উল্লেখ্য, গত ১২ জুলাই বিকেলে চৌগাছার লস্করপুরের একটি পাটক্ষেত থেকে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় রাতুলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহের মহেশপুরের সামবাজার এম.পি.বি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত