ময়মনসিংহ: ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটানায় আরো ১০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথর বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পরে আরো একজন মারা যান। ওসি আরো বলেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক আছে।