বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর উপস্থিতিতে ঢাকা ও প্যারিসের মধ্যে উন্নয়ন বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করবি হলে চুক্তিপত্র দুটি স্বাক্ষরের পর বিনিময় করা হয়।
চুক্তি দুটির একটি হলো- ‘ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট সংস্থার (এএফডি) মধ্যে ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাগ্রিমেন্ট। আরেকটি হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এর আগে, সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।
আমাদেরবাংলাদেশ ডটকম /শিরিন আলম