আমাদেরবাংলাদেশ ডেস্কঃ যুবলীগের বয়স নির্ধারণসহ আসন্ন সম্মেলন নিয়ে সিদ্ধান্ত নিতে দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে গণভবনে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই বৈঠক শুরু হয়।
এতে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ ৩৬ কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন। এর আগে, বিকেল চারটার পর থেকেই নেতারা একে একে গণভবনে প্রবেশ করতে থাকেন।
এদিকে, যুবলীগের চেয়ারসম্যান ওমর ফারুক চৌধুরী এবং সভাপতিমণ্ডলীর তিন সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিয়ার রহমান দীপুর ডাক পড়েনি এই গুরুত্বপূর্ণ এই বৈঠকে।
আজকের এই বৈঠকে চলমান সংকট নিরসনসহ ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন বলে জানান যুবলীগ নেতারা।
এছাড়া যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে হবেন, জাতীয় কংগ্রেসে কে সভাপতিত্ব করবেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কাউন্সিলের তারিখ নির্ধারণসহ দক্ষিণের সভাপতি পদে ভারপ্রাপ্ত দেয়া হবে কি না, এসব বিষয়েও আজ এই বৈঠক থেকে সিদ্ধান্ত হতে পারে।