নিজস্ব প্রতিবেদক।।ঢাকার আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় সহায়তাকারী হিসেবে জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বিপি ইমরান দীর্ঘদিন ধরে ওই নারীকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করিয়ে আসছিলেন। গত ১২ মার্চ দুপুরে ওই নারী ভিডিও তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ইমরান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর মামলার অন্য দুই আসামি জুনায়েত ও সোমাইয়ার সহযোগিতায় ভুক্তভোগীকে মারধরও করা হয়।
গ্রেফতারকৃত ইমরান আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি স্থানীয় একটি বাড়িতে ভাড়া থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করতেন। এলাকায় তিনি ‘বিপি ইমরান’ নামে পরিচিত।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:”ভুক্তভোগী নারীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করেছি। আজ সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।”
ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, আদালত বিপি ইমরানের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
এবিডি.কম/রাজু